জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, হারানো কার্ড পুনরায় উত্তোলন এবং মাঠপর্যায়ের বিভিন্ন নির্বাচনী সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় নতুন ফি কার্যকরের তথ্য জানানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদন করতে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তী প্রতিবার ৪৬০ টাকা ফি দিতে হবে।
এনআইডির অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত সংশোধনের জন্য প্রথমবার আবেদন ফি ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলনের ক্ষেত্রেও সাধারণ ও জরুরি, দুই ধরনের সেবার ফি নির্ধারণ করেছে কমিশন। সাধারণ আবেদনে প্রথমবার কার্ড উত্তোলনে ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৫০০ টাকা ফি দিতে হবে। জরুরি সেবায় প্রথমবার ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এসব ফি’র সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।
নির্বাচনী সেবার আওতায় নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নির্বাচনী দলিল-দস্তাবেজ পরিদর্শন ও অনুলিপি সংগ্রহে ১০০ টাকা, ভোটার তালিকার প্রত্যয়নকৃত কপি পেতে ১০০ টাকা এবং কেবল ভোটার তালিকা পরিদর্শনে ৫০ টাকা ফি দিতে হবে। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে ইউনিয়ন, সিটি করপোরেশন বা পৌর ওয়ার্ডভিত্তিক প্রতিটির জন্য ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এনআইডি তথ্য যাচাই ও সরবরাহ সেবার ক্ষেত্রেও নতুন ফি নির্ধারণ করেছে ইসি। সরকারি সংস্থা ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক সাব-ইউজার বা নবায়ন ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিবার তথ্য যাচাইয়ে ২ টাকা করে ফি দিতে হবে।
অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের জন্যও এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা রাখা হয়েছে। এছাড়া প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রতিবার এনআইডি তথ্য যাচাইয়ের জন্য ৫ টাকা করে পরিশোধ করতে হবে।