সাড়ে ৬ বছরে কেবল রাজধানীতেই সড়ক দুর্ঘটনায় ১,৩৮৪ জনের মৃত্যু

২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত গত সাড়ে ছয় বছরে রাজধানীতে ১,৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১,৩৮৪ জন নিহত এবং ২, ৪৮৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৪৩% ছিল পথচারী।

নিহতদের মধ্যে ১,০৩৪ জন, অর্থাৎ ৭৪.৭১ %, ২১৯ জন বা ১৫.৮২ % নারী এবং ১৩১ জন শিশু (৯.৪৬ %)।

শনিবার (১ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৫৯২ জন (৪২.৭৭ %) পথচারী, ৫৩৬ জন (৩৮.৭২ %) মোটরসাইকেল আরোহী এবং ২৫৬ জন (১৮.৪৯ %) বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক-যাত্রী।

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, রাতে সবচেয়ে বেশি ৫১৯ জন (৩৭.৫ %) নিহত হয়েছেন। এছাড়া সকালে ২৫৮ জন (১৮.৬৪%), দুপুরে ১৯৫ জন (১৪.০৮%), বিকালে ১৭৪ জন (১২.৫৭%), ভোরে ১৪২ জন (১০.২৬%) এবং সন্ধ্যায় ৯৬ জন (৬.৯৩ %) নিহত হয়েছেন।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্যাংকার ও ময়লাবাহী ট্রাকের অংশ ৩৩.২৫%, মোটরসাইকেল ২৬%, বাস ২১.৭৫%, অটোরিকশা, সিএনজি ও লেগুনা ১২.৭৩% এবং মাইক্রোবাস, প্রাইভেটকার ও জিপ ৬.২৫%।