সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাবেক স্ত্রীকে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে বিরল থানা পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।  অভিযুক্ত মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শনিবার রাতে মাহবুবুর রহমান জোর করে সাবেক স্ত্রীর বাবার বাড়িতে ঢুকে পড়েন। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন। 

আগুনে দগ্ধ শ্যামলী চিৎকার শুরু করলে এগিয়ে আসেন প্রতিবেশীরা। এ সময় অভিযুক্ত মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তাকে পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন মোমিনা বেগম বলেন, “প্রথমে ছুরি দিয়ে আমার নাত‌নি‌কে মারার চেষ্টা করা হয়েছিল। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, “হামলাকারী একজনকে আটক করেছি। নিহতের বড় ভাই থানায় এলে এ ঘটনায় মামলা নেওয়া হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।