ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বসতভিটা হারিয়ে দিশেহারা মানুষ

জামালপুরের ইসলামপুর ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ভয়াবহ ভাঙ্গনে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর ঘোনাপাড়া ও দক্ষিণ পাড়া এলাকায় শতশত বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা হাজার একর ফসলি জমি নদে গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

নদের পানি বৃদ্ধির সঙ্গে প্রতিনিয়ত চোখের পলকে বিলীন হয়ে যাচ্ছে শত বছরের স্মৃতি জড়ানো ভিটেমাটি ও ফসলি জমি। ভাঙ্গন কবলিত মানুষ তাদের শেষ সম্বল ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র সরিয়ে নিলেও রাতের আঁধারে কয়েকটি পরিবারের বসতবাড়ি মুহূর্তেই নদীগর্ভে চলে যাওয়ায় শুধু নিজেদের রক্ষা করতে পেরেছেন। এসব পরিবার সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।

সেমাবার (৩ আগস্ট) স্থানীয় বাসিন্দা নকিব উদ্দিন, সুলতান মাহমুদ, বারেক মিয়া ও ইসমাইল হোসেন জানান, নদের পানি বৃদ্ধি পাওয়া তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙ্গন কবলিত পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে পুরো এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. জোবায়ের জানান, জামালপুর পানি উন্নয়ন বোর্ডকে একাধিক বার অবহিত করা হয়েছে। এছাড়াও ভাঙ্গন কবলিত এলাকা খোঁজ খবর রাখা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যই ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান জানান, নদীভাঙন কবলিত এলাকার পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিও ব্যাগ ফেলা বা অন্যান্য কার্যকর পদক্ষেপ গ্রহণের কাজ দ্রুত শুরু করা হবে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।