বিরোধীদলীয় নেতারা শেখ হাসিনার মতো কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘‘এখন যে ভাষায় বিরোধীদলীয় নেতারা কথা বলছেন, ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেবো না।’ ঠিক এমনই কথা বলতেন শেখ হাসিনাও।’’
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে একটি মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবো না। ঠিক সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছে বর্তমান বিরোধীদলের নেতারা।’’
তিনি আরও বলেন, ‘‘বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না, এমনটা বলে ভুল বোঝানো হচ্ছে। গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিএনপি যেখানে একমত নয়, সেটা বলেছে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ পালন করবে বিএনপি।’’
বিএনপি মহাসচিব বলেন, ‘‘রাজপথে বিরোধীদলের নেতারা যে ভাষায় কথা বলছেন, সেটা ঠিক নয়। রাজপথে আন্দোলন তাদের অধিকার। কিন্তু, সেটা যেন সংঘাতের দিকে না যায়।
এছাড়া সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ হবে, তা সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বিরোধীদলকে আহ্বান জানান তিনি।