বগুড়ার সারিয়াকান্দির চরে গোচারণ ভূমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে সাবেক সেনা সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।
সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ হত্যায় জড়িত থাকায় ছয়জনকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন—জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর শুভগাছা গ্রামের হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুরিয়া গ্রামের নান্টু সরকার (৫৬), একই এলাকার সুজন মণ্ডল (৩২), মোখলেসুর রহমান (৫৫) এবং সোহেল সরকার (৩৫)।
পুলিশ ও স্থানীয় জানায়, নিহত মোসলেম উদ্দিন প্রামানিক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুরিয়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। এছাড়া কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।
নিহতের ভাই সারিয়াকান্দির কাজলা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহজাহান আলী জানান, মোসলেম উদ্দিনের সঙ্গে একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের জমি ও গোচারণ ভূমি বিক্রি নিয়ে দ্বন্দ্ব চলছিল।
সোমবার রাত ৮টার দিকে তিনি পাকুরিয়া বাজারে চা পান করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নান্টু সরকারের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন মোসলেম উদ্দিনের পথরোধ করেন। এরপর তার উপর হামলা চালানো হয়। তাকে রড দিয়ে মারপিট করলে তিনি গুরুতর আহত হন।
পরে এলাকাবাসীরা মোসলেম উদ্দিনকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান।
সারিয়াকান্দি থানার ওসি আ. ফ. ম. আসাদুজ্জামান জানান, চরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় সাবেক সেনা সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন প্রামানিক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মামলায় তাদের নাম থাকলে গ্রেপ্তার করা হবে।