বগুড়ার শেরপুরের বিকল ট্রাকের পেছনে ঢাকাগামী বাসের ধাক্কায় হেলপারসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন, অন্তত সাতজন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে হাইওয়ে পুলিশ শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এ তথ্য দিয়েছেন।
রবিবার (২ আগস্ট) মধ্য রাতে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নওগাঁর ধামুইরহাট উপজেলার চাঁদপীর গ্রামের আবদুল গফফারের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মাসুদুর রহমান (৩৮) ও একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে বাসের হেলপার মো. নয়ন (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দু’দিন আগে বগুড়ার শেরপুরের ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকটি মহাসড়কের ঢাকা লেনে রাখা ছিল। রবিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকাগামী দ্রুতগতির যমুনা লাইন পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই হেলপার মো. নয়ন ও যাত্রী মাসুদুর রহমান মারা যান। এ সময় অন্তত সাত যাত্রী আহত হন।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি আইয়ুব আলী জানান, দ্রুতগতির কারণে বাসের চালক মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।



