Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়ের বাড়ির গেটে বকশিশ নিয়ে মারামারি, থানায় অভিযোগ 

বগুড়ার এ ঘটনায় বর ও কনেপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গেটে বরের কাছে বকশিশ চাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় শনিবার (১ আগস্ট) বরপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। 

এর আগে, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। 

বরপক্ষ স্বর্ণের চেইন ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে। কনে পক্ষ অভিযোগটি দৃঢতার সঙ্গে অস্বীকার করেছেন। এ ঘটনায় বিয়ে ভন্ডুল হয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাগর মিয়ার সঙ্গে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যার দিকে বরযাত্রী পৌঁছানোর পর কনের পক্ষের লোকজন গেট ধরেন। বকশিশের টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয়পক্ষে তিনজন আহত হন। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামবাসীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

এ সময় বরপক্ষের লোকজন অভিযোগ করেন, মারামারির সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে। তাদের কাছে স্বর্ণের চেইন ও ১৫টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে। কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। 

কনে পক্ষের দাবি, বরপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে হামলা ও ভাঙচুর চালায়। তারা ছিনতাইয়ের অভিযোগও অস্বীকার করেছে। এসব নিয়ে দু’পক্ষের মধ্যে তিক্ততা সৃষ্টি হওয়ায় বিয়ে ভন্ডুল হয়ে যায়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, বিয়ে বাড়িতে গেটে বকশিশ চাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় বরপক্ষ শনিবার দুপুরে থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

   

About

Popular Links

x