Friday, July 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের শিশু, নেপথ্যে কী?

কিশোরীর বিয়ে, বয়স, সন্তান জন্ম এবং অভিভাবকত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

ঢাকার হাজারীবাগের ১৩ বছর বয়সী এক কিশোরী সাত মাস বয়সী নিজের সন্তানকে ফিরে পাওয়ার পর ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। শিশুটিকে কেন্দ্র করে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে কিশোরীর বিয়ে, বয়স, সন্তান জন্ম এবং অভিভাবকত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

জানা গেছে, বর্তমানে কিশোরীর বয়স ১৩ বছর ৪ মাস ২৩ দিন। তার সাত মাস বয়সী ছেলে সন্তানের বাবা হিসেবে অভিযুক্ত মো. শাকিল মিয়ার বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ২২ বছর।

কিশোরীর বাবা জুয়েল খান জানান, তার মেয়ে গত বছর সপ্তম শ্রেণিতে পড়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে শাকিল মিয়ার সঙ্গে পরিচিত হয়। পরে তাকে একাধিকবার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। তিনি দাবি করেন, নোটারি পাবলিকের মাধ্যমে একটি তথাকথিত বিয়ে দেখানো হলেও কোনো বৈধ কাবিননামা হয়নি।

তার ভাষ্য, পরবর্তীতে কিশোরী সন্তান জন্ম দেওয়ার পর কয়েক মাস আগে শিশুটিকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর গত ২০ মে নিজের সন্তানকে ফিরে পেতে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আবেদন করেন কিশোরী।

জেলা লিগ্যাল এইড কার্যালয়ের নির্দেশনায় গত ১৬ জুলাই উভয় পক্ষকে হাজির করা হয়। পরে চকবাজার থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে। মঙ্গলবার লিগ্যাল এইড কার্যালয়ের নির্দেশে সাত মাস বয়সী শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে বিষয়টির পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

কিশোরীর বাবা ঘটনাটিকে ধর্ষণ হিসেবে উল্লেখ করে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন। তার অভিযোগ, নাবালিকা মেয়েকে অবৈধভাবে নিয়ে গিয়ে সন্তান জন্ম দিতে বাধ্য করা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত শাকিল মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিয়ের সময় কিশোরীর বয়স জন্মনিবন্ধন ও কাবিননামায় ২০ বছর উল্লেখ ছিল। তার ভাষ্য, কিশোরী স্বেচ্ছায় তার সঙ্গে চলে গিয়েছিল এবং পরে তিন মাস আগে বাবার অসুস্থতার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

এদিকে সন্তানের অভিভাবকত্ব দাবি করে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেছেন শাকিল মিয়া। ফলে আপাতত শিশুটি মায়ের কাছে থাকলেও ভবিষ্যতে কার হেফাজতে থাকবে, সে বিষয়ে আইনি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে উভয় পক্ষ।

আইনজীবীরা জানিয়েছেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এ বয়সের আগে সম্পন্ন হওয়া বিয়ে আইনগতভাবে বৈধ নয়। এছাড়া নোটারি পাবলিকের মাধ্যমে সম্পাদিত কোনো দলিল বৈধ বিবাহের বিকল্প নয়; মুসলিম বিয়ের ক্ষেত্রে আইন অনুযায়ী কাজির মাধ্যমে নিবন্ধিত কাবিন সম্পন্ন করতে হয়।

   

About

Popular Links

x