দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে গ্রিসের মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।
রবিবার (২ আগস্ট) দেশটির রাজধানী এথেন্স থেকে ৬৫ কিলোমিটার (প্রায় ৪২ মাইল) পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের একজন ডেনমার্কের পাইলট। অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের সমন্বয় কর্মকর্তা।
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস।
গ্রিসের ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গ্রিসের অ্যাটিকা-বোয়েটিয়া সীমান্তে বড় একটি দাবানল নিয়ন্ত্রণের সময় হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়।
দীর্ঘ সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে ইউরোপের আরও কয়েকটি দেশ ভয়াবহ দাবানলের কবলে পড়েছে।
এদিকে, গ্রিসের বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।



