ইসরায়েলে পুনরায় ক্ষমতায় ফিরলে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করার সংকল্প ব্যক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে কাতার ইসরায়েলের জন্য ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
ইসরায়েলি সংবাদ মাধ্যম ‘টেলিভিশন চ্যানেল ১২’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাফতালি বেনেট এসব কথা বলেন।
সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, কাতারকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত না করাটা তেল আবিবের জন্য একটি ‘অমার্জনীয় ভুল’।
নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে বেনেট বলেন, ‘‘ইরান প্রকাশ্যেই ইসরায়েলকে বিশ্বমানচিত্র থেকে মুছে ফেলার কথা বলে, তা আমরা সবাই জানি। কিন্তু কাতার পর্দার আড়ালে থেকে কাজ করে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নুখবা ফোর্সের পরিচালিত হামলার মূল অর্থায়ন করেছে কাতার। এ ছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বিষাক্ত ও আক্রমণাত্মক প্রচারণা চালিয়ে যাচ্ছে।’’
কাতারকে সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়ে বেনেট আরও অভিযোগ করেন, দোহা যুক্তরাষ্ট্রের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে বড় অঙ্কের অর্থ ঢেলে সেখানে তাদের নিজস্ব প্রভাব বিস্তার করছে।
এমনকি ইসরায়েলের সর্বোচ্চ ক্ষমতার প্রাণকেন্দ্র তথা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত কাতারের এই প্রভাব পৌঁছে গেছে বলে দাবি করেন তিনি। বেনেটের মতে, কাতার সরাসরি যুদ্ধের ময়দানে না নেমেও ইসরায়েলকে ভেতর থেকে প্রতিনিয়ত দুর্বল ও নিঃশেষ করে দেওয়ার কৌশল অবলম্বন করেছে।



