গোসলে নেমে নিখোঁজ দুই ভাই, ২৪ ঘণ্টার ব্যবধানে উদ্ধার হলো মরদেহ

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ আগষ্ট) একজনের এবং বুধবার (৫ আগষ্ট) অপরজনের মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারের স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকা থেকে ১৫ বছর বয়সী বিনয় রায়ের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে উদ্ধার করা হয় তার মামাতো-ফুফাতো ভাই প্রভাত সরকার (১৪) এর মরদেহ।

নিহত বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের বাসিন্দা এবং প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার বাসিন্দা। তারা দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় স্বজনের বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামলে একপর্যায়ে তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিকেলে প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার পর আলো স্বল্পতার কারণে অভিযান স্থগিত করা হলেও স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে অনুসন্ধান অব্যাহত রাখেন।

পরদিন বুধবার বিকেলে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকায় বিনয় রায়ের মরদেহ ভেসে উঠলে খবর পেয়ে নৌপুলিশ স্পিডবোটে গিয়ে সেটি উদ্ধার করে।

কাজিরহাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, দুই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।