সিলেটের বহুল আলোচিত শিশু হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। তবে মামলার অপর দুই আসামি জয়নাল আবেদিন ও মো. আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী।
পিপি বদরুল ইসলাম চৌধুরী জানান, মামলার প্রধান আসামি জাকির হোসেনকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর হবে।
তিনি আরও জানান, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে জাকির হোসেনের দুই ভাই জয়নাল আবেদিন ও মো. আবুল কালামের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট আনতে পাঠানোর অজুহাতে চার বছরের নারী শিশুকে ঘরে আটকে ধর্ষণ করেন। পরে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করেন। ধরা পড়ার ভয়ে তিনি মরদেহ একটি সুটকেসে করে দুই দিন নিজ ঘরে লুকিয়ে রাখেন। পরে বাদাঘাট এলাকার একটি ডোবায় মরদেহ ফেলে দেন।
এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন। ঘটনার ৩৩ দিন পর পুলিশ জাকির হোসেন ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ১ জুলাই বিচারকাজ শুরু হয়। প্রায় এক মাসের বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।