তনু হত্যা মামলা: হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ, জামিন স্থগিত

কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

এর আগে, গত ২ আগস্ট হাফিজুর রহমানকে জামিন দেন হাইকোর্ট। এরপর ৪ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। আবেদনটি বৃহস্পতিবার আদালতের সম্পূরক কার্যতালিকায় ওঠে।

জানা গেছে, সন্ধ্যার দিকে চেম্বার জজ আদালতের বিশেষ অনুমতি নিয়ে আবেদনটি শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল সংবাদমাধ্যমকে বলেন, “তনু হত্যা মামলার আসামিকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর রহমানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে ব্যর্থ হলে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”