ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর শেখ (২২) নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে উপজেলার তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের বাসিন্দা। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নুর শেখ কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন। বৃহস্পতিবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে নয়াকান্দা গ্রামে মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বিকেলে বাড়ি ফেরার পথে তারাইল এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা নুরের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির হোসেন বলেন, “অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুর শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”