ফরিদপুরের ভাঙ্গায় সিলেটগামী একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পাঁচবার উল্টে খাদে পড়ে গেছে। এ ঘটনায় চালকসহ কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের বাসটি প্রচণ্ড বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে চালক-হেলপারসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে বরিশাল থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। ভারী বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।