বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় বাসের চাপায় ছয় শ্রমিক নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছে। বৃষ্টির মধ্যে এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়া-নওগাঁ সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে আসা শ্রমিকরা অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন আরো তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।