Friday, August 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

বনানীতে স্বর্ণ কিনতে এসে গ্রেপ্তার, ট্রলি ব্যাগে মিললো ৫৭ লাখ টাকার জাল নোট

বৃহস্পতিবার বিকেলে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে এ ঘটনা ঘটে

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১২:৪০ এএম

রাজধানীর বনানীতে জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টাকালে মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, বিকেল ৪টার দিকে দুই ব্যক্তি ক্রেতা সেজে ওই জুয়েলার্সের দোকানে প্রবেশ করেন। তারা আত্মীয়ের বিয়ের জন্য ২০-২১ ভরি স্বর্ণালংকার কিনতে চান বলে জানান। পছন্দের গয়না বিল করে প্যাকেট করার পর মূল্য পরিশোধের সময় তারা একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে কাচের টেবিলের ওপর রাখেন।

টাকা দেখে দোকান কর্মচারীদের সন্দেহ হলে যাচাই করে তারা এগুলো জাল নোট বলে শনাক্ত করেন। বিষয়টি ধরা পড়ে যাওয়ায় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে ধরে ফেললেও অন্যজন পালিয়ে যান। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক সহযোগীসহ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

   

About

Popular Links

x