নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সদরে এ ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলেন—মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)। তারা সবাই নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তবে সদরের কোন এলাকায় ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “সকালে দগ্ধদের আশংকাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫%, বিউটির ৮০% এবং মারুফের ৯০% দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।”
চিকিৎসক আরও জানান, দগ্ধ পরিবারটির সঙ্গে কোনো স্বজন বা পরিচিতও নেই। যার কারণে তাদের দুর্ঘটনাস্থলের নির্দিষ্ট স্থানের নাম জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “এ বিষয়ে কোনো তথ্য পাইনি। ঘটনাস্থলের সঠিক তথ্যও আমরা পাইনি।”
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “সদর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। অন্য কোনো এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন।”
ফতুলা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “এমন কোনো ঘটনার তথ্য আমরা পাইনি।”