সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে কাফনের কাপড়, তাজা গুলি ও হত্যার হুমকি সংবলিত চিঠি পাঠিয়েছে অজ্ঞাত দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আগামী ইউপি নির্বাচনে মেম্বার (সদস্য) পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন মোল্লার বাড়িতে।
এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু তালেব ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার ভোরে ৫টা ১০ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি ইসমাইল হোসেন মোল্লার বাড়ির প্রধান ফটকে একটি ব্যাগ রেখে দ্রুত সটকে পড়ে। পরে পরিবারের সদস্যরা ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালালে তার ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা একটি হুমকি বার্তা সংবলিত চিঠি দেখতে পান।
হাতে লেখা চিঠিটিতে বলা হয়েছে, ‘‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উঠছেন এটা তো ভালো হচ্ছে না... ভালোবেসে শেষ বিদায়ের সব কিছু দিয়ে পাঠালাম। যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন তাহলে কোন ঝামেলা নেই, কিন্তু আজকের পরেও যদি উড়তে থাকেন তাহলে আপনার কাছে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দেবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন।’’
চিঠির শেষে প্রেরক হিসেবে লেখা রয়েছে- ‘‘ইতি, অদৃশ্য মুসাফির।’’
এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘‘ভোররাতে অজ্ঞাত এক ব্যক্তি ব্যাগটি গেটে রেখে যায়। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় ভয়ভীতি প্রদর্শন করছে। এছাড়া আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় একটি কুচক্রী মহল আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও নিশ্চিহ্ন করার উদ্দেশে এই নেক্কারজনক কাজ করেছে।’’
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং হুমকি সংবলিত চিঠি, কাফনের কাপড় ও গুলিটি আলামত হিসেবে জব্দ করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও জামগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তালেব জানান, সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।