গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক প্রেমিক যুগলের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রিনা আক্তার (২৫) ও আল আমিন। রিনা আক্তার উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আরবেলা ফ্যাশন কারখানার শ্রমিক ছিলেন। তার প্রেমিক আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসের শ্রমিক ছিলেন বলে জানা গেছে, তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা রবিন মিয়া জানান, দুপুরের পর থেকে দুজন রেলপথ ধরে হাঁটাহাঁটি, গল্প ও খুনসুটি করছিলেন এবং দীর্ঘ সময় সেখানে বসে সময় কাটান। হঠাৎ সন্ধ্যার দিকে তাঁদের মৃত্যুর খবর পান স্থানীয়রা।
আরেক বাসিন্দা সুমন হাজরা বলেন, “বিকেল পাঁচটার দিকে রেলপথে হাঁটার সময় দুই কিশোরের ডাকাডাকিতে জানা যায় দুজন মানুষ ট্রেনে কাটা পড়েছেন, এরপর আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।“
নিহত রিনা আক্তারের ভাই সুমন জানান, আগের সংসার ছেড়ে এসে রিনা প্রেমিক আল আমিনকে বিয়ে করেছিলেন এবং এরপর থেকে পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
স্থানীয় বাসিন্দা পার্থ দাস জানান, বিকেলের দিকে ময়মনসিংহগামী একটি কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তারা, যাতে দুজনেরই মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।