বরগুনায় ইয়াবাসহ জুলাই যোদ্ধা আটক

বরগুনায় ২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা (৩৫) নামে এক জুলাই যোদ্ধাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন মৃধা বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তিনি গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা। সরকারি গেজেটে তার ক্রমিক নম্বর ২৯৩।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার সদর ইউনিয়নের হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

এসময় সুমন মৃধাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুমন মৃধাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন বলেন, “২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”