টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে হত্যা ও ধর্ষণের পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (৯ আগস্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন—সখীপুর উপজেলার মো. শহিদ, মো. ইসমাইল ও আব্দুর রহমান এবং বাসাইল উপজেলার শাহিনুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, ১৫ বছর আগে বাসাইল উপজেলার শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে-মধ্যেই ঝগড়া হতো। এ অবস্থায় ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বপ্নাকে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে পালিয়ে যান শাহিনুর। পরে স্বপ্নাকে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিনই বাসাইল থানায় মামলা হয়। মামলার ১৩ জন স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া ১ লাখ টাকা জরিমানাও করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি শফিকুল ইসলাম রিপন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাসেল দেওয়ান।

অপরদিকে, ২০২০ সালের ১৮ মে সখীপুরে রাতে এক নারী তার মায়ের সঙ্গে কবিরাজ বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে অজ্ঞাতস্থানের একটি দোকানে নিয়ে যায়। এসময় পাঁচজন ব্যক্তি ভয় দেখিয়ে ওই নারী দলবদ্ধ ধর্ষণ করেন। পরে তারা ওই নারীকে একটি বাড়ির সামনে রেখে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নিজে থানায় মামলা দায়ের করেন। মামলার পর আদালতে স্বাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এসময় প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন—নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিশেষ পিপি ওমরাও খান দিপু এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আকলিমা খানম।