‘একাত্তরের বিরোধিতাকারীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে’  

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ তুলে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেছেন, ‘‘দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে সরকার দেখছে, কিছু রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যেভাবে তারা স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছিল, আজও তাদের আমরা একই ধরনের কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি।’’ 

রবিবার (৯ আগস্ট) হাটহাজারী কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তারেক রহমান বলেন, ‘‘বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে হবে। এর জন্য সবার আগে প্রয়োজন স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ। রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যেমন নিরুৎসাহিত হবেন, তেমনই নতুন কর্মসংস্থানের সুযোগও কমে যাবে।’’ 

তিনি আরও বলেন, ‘‘চট্টগ্রামের মানুষ ব্যবসা-বাণিজ্যের সঙ্গে ব্যাপকভাবে যুক্ত। এ অঞ্চলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পকারখানা ও বিনিয়োগ রয়েছে। তাই শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব চট্টগ্রামের মানুষ অন্যদের চেয়ে ভালো বোঝেন।’’ 

এর আগে, চট্টগ্রাম ও কক্সবাজার সফরের অংশ হিসেবে হেলিকপ্টারে ফটিকছড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

এরপরে, হাটহাজারীতে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।