ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন।

সরকারের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।

ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রবিবার দুপুরে চার সদস্যের প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সফরের আগে চীন সফর করেছেন ‘র’ প্রধান পরাগ জৈন। তবে ঢাকায় তার সফরের উদ্দেশ্য বা বৈঠকের সম্ভাব্য বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।