ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১১ আগষ্ট) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মুখমণ্ডলে থেঁতলে যাওয়ার চিহ্ন এবং মাথায় গুরুতর আঘাতের প্রমাণ পাওয়া গেছে।
সকাল ৬টার দিকে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং তা ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ৫টার দিকে রহমতগঞ্জ মোড় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল, ওই সময় সড়কে লোকজনের উপস্থিতিও ছিল না বললেই চলে।
তবে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত তিন-চার দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তিনি একা একা বিড়বিড় করে কথা বলতেন এবং মাঝে মাঝে হাসতেনও। এলাকাবাসীর ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।