কুষ্টিয়ার মিরপুরে ডাক্তার দেখাতে এসে ট্রেনের ধাক্কায় রিনা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার হালসা খালমাগুরা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হুসাইন। নিহত গৃহবধূ খালমাগুরা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হুসাইন জানান, রিনা খাতুন বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে খালমাগুরা আসেন। এ সময় তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করছিলেন। এরই মধ্যে রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, রেললাইনের ওপর দাঁড়িয়ে অপেক্ষা করার সময় আজান চলছিল, যার কারণে তিনি আসন্ন ট্রেনের শব্দ বুঝে উঠতে পারেননি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।



