‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

চাঁদাবাজি, নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। 

তিনি জানান, হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড ইমনের রিমান্ড চাওয়া হয়েছিল। 

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে বড়দিঘির পাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করেন ব্যবসায়ী জসিম উদ্দিন।  

এর আগে, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৩০ জুলাই ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।