কচুরিপানার নিচে বস্তা, খুলতেই বের হলো অর্ধগলিত মরদেহ

বগুড়া শহরে পুকুরে কচুরিপানার নিচে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি এমনভাবে পচে গেছে যে মুখমণ্ডল প্রায় কঙ্কালসার হয়ে পড়েছে, ফলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি নিহতের পরিচয়।

বুধবার (১২ আগষ্ট) দুপুরে শহরের মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, বেলা ২টার দিকে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়েছিলেন ওই এলাকায়। এ সময় দুটি কুকুরকে মারামারি করতে দেখে তিনি সেদিকে এগিয়ে যান। তখনই কচুরিপানায় ঢাকা একটি বস্তা তার নজরে পড়ে, যেখান থেকে ভেসে আসছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে খবর দেন, এবং বস্তার ভেতরে মানুষের পচা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সুমন শেখ জানান, পুলিশ পৌঁছানোর পর তারাও ঘটনাস্থলে যান। লাশ এতটাই পচে গিয়েছিল যে মুখ পুরোপুরি কঙ্কালে পরিণত হয়েছে। এমন ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক, স্থানীয়রা দ্রুত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে মালগ্রাম পুকুরপাড় থেকে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, মরদেহটি অন্তত এক সপ্তাহ আগের হতে পারে।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি। মরদেহ শনাক্তকরণে সহায়তার জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আঙুলের ছাপসহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবেন।