বাংলাদেশ থেকে কর্মী নিবে থাইল্যান্ড, শিগগিরই চুক্তি

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে সম্ভাব্য ও কার্যকর পথ উন্মোচনে আলোচনা শুরু করেছে দেশ দুটি। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে থাইল্যান্ডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। 

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যয়ের স্বচ্ছতা ও কর্মীদের সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘‘কর্মী নিয়োগের প্রাথমিক ব্যয় নিয়োগকর্তাকে বহন করতে হবে। স্থানীয় ভাষায় প্রমিত কর্মসংস্থান চুক্তি নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের কল্যাণ, ন্যায্য মজুরি, মানসম্মত আবাসন ও চিকিৎসা বীমার সুরক্ষা নিশ্চিত করতে হবে।’’ 
 
এছাড়াও, প্রতিমন্ত্রী মো. নুরুল হক থাইল্যান্ডকে সরকারি রিক্রুটিং এজেন্সি ‘বোয়েসেল’-এর মাধ্যমে দক্ষ কর্মী নেওয়ার আহ্বান জানান। 

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, থাইল্যান্ডে ‘ব্লু কলার’ (কায়িক শ্রম) কাজের পাশাপাশি ‘হোয়াইট কলার’ (পেশাদার) পদের জন্যও বাংলাদেশে উপযুক্ত ও দক্ষ জনশক্তি রয়েছে। 

থাইল্যান্ডের শ্রম বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন জানান, বর্তমানে থাইল্যান্ড কর্মী নিয়োগের জন্য চারটি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটি থেকে কর্মী নেওয়া বন্ধ থাকায় থাইল্যান্ডের নির্মাণ, হালাল ফ্যাক্টরি ও কৃষিখাতে তীব্র কর্মী সংকট দেখা দিয়েছে। 

এই সংকট কাটাতে পঞ্চম দেশ হিসেবে থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহী বলে জানান নিতরুত্তি সুথিনন।