বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে বড় ধরনের সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। নতুন সমঝোতা অনুযায়ী, দুই দেশের মধ্যে অনুমোদিত সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৪টিতে।
বেবিচক জানিয়েছে সপ্তাহে অতিরিক্ত ৩৫টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি থাকছে সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট পরিচালনার সুবিধা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘‘নতুন সমঝোতার আওতায় বাংলাদেশ ও সৌদি আরবের মনোনীত এয়ারলাইনগুলো প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৮৪টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করতে পারবে। আগে এই সংখ্যা ছিল ৪৯টি। ফলে দুই দেশের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণে অতিরিক্ত ৩৫টি ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘বাড়তি ফ্লাইটের অন্যতম বড় সুবিধাভোগী হবেন হজ ও ওমরাহ যাত্রীরা। বিশেষ করে হজ মৌসুমে অতিরিক্ত যাত্রীচাপ ও আসন সংকট মোকাবিলায় এই সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনগুলোর সক্ষমতা ও নমনীয়তা বাড়বে।’’
সৌদি আরবে বসবাস ও কর্মরত প্রায় ৪০ লাখ বাংলাদেশিও নতুন এই সুবিধার সুফল পাবেন বলে মনে করছে বেবিচক। ফ্লাইট ও আসনসংখ্যা বাড়ায় প্রবাসীদের দেশে আসা-যাওয়া আরও সহজ হবে বলে মত সংস্থাটির।