স্ত্রী সন্তান নিয়ে বাবার বাড়ি, বাসায় মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহতের নাম মো. নয়ন (৩০)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার বয়াতিকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হাসাননগর সিকদার স্কুলের গলিতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াদ মাহমুদ নাহিদ জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে খবর পেয়ে সিকদার স্কুলের গলির একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জিয়াদ জানান, নয়নের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। চলতি বছরের মার্চ মাসে তার স্ত্রী সন্তানসহ বাবার বাড়ি চলে যান। এরপর থেকে নয়ন আর্থিক সংকট ও মানসিক চাপে ভুগছিলেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এসব কারণে তিনি নিজ রুমে আত্মহননের পথ বেছে নিতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।