বাবাকে খুনের পর ওমানে পালানোর চেষ্টা, বিমানবন্দরে আটক ছেলে

চট্টগ্রামের বাঁশখালীতে বাবাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ছেলে বোরহান উদ্দিন (২৬) ওমানে পালানোর চেষ্টাকালে বিমানবন্দরে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চট্টগ্রামে নিয়ে আসছে পুলিশ।

এর আগে বুধবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন বোরহান। তিনি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের বাসিন্দা। সোমবার রাতে পারিবারিক কলহের জেরে বাবা মোহাম্মদ শাহজাহানকে (৫৫) মারধর করেন বোরহান, যাতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান। এ ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি।

পুলিশ জানায়, শাহজাহান নিহত হওয়ার ঘটনায় তার বোন লাকী আক্তার বাদী হয়ে ভাতিজা বোরহান উদ্দিন ও ভাতিজি রুবি আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন বোরহান। বুধবার বিকেলে দেশ ছাড়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে যান তিনি, সেখানেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত সোমবার রাত ১০টার দিকে। পারিবারিক বিষয় নিয়ে শাহজাহানের সঙ্গে তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে রুবি আক্তারের বাগবিতণ্ডা হয়। এই বিতণ্ডার জের ধরে প্রবাসফেরত বোরহান গাছের গুঁড়ি দিয়ে বাবার ঘাড়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, “বাবা হত্যার আসামি বোরহান উদ্দিন ওমানে পালানোর চেষ্টা করছিলেন। তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনা হচ্ছে এবং পরে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনার অপর আসামি রুবি আক্তারকে গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত আছে।“