যশোরে পুকুরে ডুবে প্রাণ গেলো তিন কন্যাশিশুর

যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই সহোদর বোনও রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো—জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০), একই গ্রামের নিছার আলী মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। এক পর্যায়ে তারা তিনজন ওই গভীর পুকুরে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

তাদের প্রতিবেশী চাচা মাহবুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে তারা গোসল করতে যায়। পরে তাদের খোঁজখবর না পেয়ে তাদের দাদি লোকজন নিয়ে পুকুরে গিয়ে দেখেন সিঁড়ির নিচে তারা ভাসছে। এসময় দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই পুকুরে এমনিতে লোকজন কম যায়। যারা গোসল করতে যায়, তারা গোসল করে চলে আসে।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান, ১২টা ৫০ মিনিটে হাসপাতালে তিন শিশুকে আনা হয়। তাদের হার্টবিট ছিল না। ইসিজি পরীক্ষা করে দেখা যায় শরীরে প্রাণের চিহ্ন নেই।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, পুকুরটি এক রকমের পরিত্যক্ত ছিল। সেখানে লোকজন তেমন একটা গোসল করতে যায় না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।