গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পাটগাতী বাজারস্থ বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি জিল্লাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানের কথা স্মরণ করে বলেন, "মরহুমা বেগম খালেদা জিয়া আজীবন এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। বিগত স্বৈরাচারী শাসনের আমলে তার ওপর অমানবিক ও চরম নির্যাতন চালানো হলেও তিনি কখনো আপস করেননি এবং মাথা নত করেননি। শেষনিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির কথা ভেবে গেছেন। তারই অটল নেতৃত্ব ও আদর্শের অনুপ্রেরণায় আজ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ পরিচালনায় গণমানুষের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পেরেছে।"