রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দেওয়ার পথে পিস্তল ঠেকিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ছিনতাই হওয়া অর্থ প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনের বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ড আবেদনে বলা হয়, সাগর বাড়ৈ তার সহযোগীদের নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তার প্রকৃত নাম-পরিচয় নিয়েও সংশয় থাকায় তা যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা সম্পর্কে অসংলগ্ন তথ্য দিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত-গ্রেফতার এবং ছিনতাই হওয়া অর্থ উদ্ধারের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানানো হয়।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বক্কর জানান, শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি আরও জানান, সাগরের বিরুদ্ধে একই ধরনের আরও নয়টি মামলা রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানচালক মো. খোরশেদ। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে বলে অভিযোগ।
মামলার এজাহারে বলা হয়, দুর্বৃত্তরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় এবং পালানোর সময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় ডিএল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আব্দুল করিম বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ডিএল ফিলিং স্টেশনের মালিক তাসীন আক্তার হকের মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। সেই সূত্রে তাসীন আক্তার হক বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই।