চায়ের দোকানের সামনে প্রকাশ্যে তরুণকে গলাকেটে হত্যা

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সোয়া ৯টার দিকে আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। 

ঘটনাটি নিশ্চিত করেছেন খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যা থেকে দুর্জনীমহলের শহিদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিলেন ওই ব্যক্তি। রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন সেখানে এসে তার সঙ্গে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর তাদের মধ্যে দুজন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়, এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর হামলাকারীরা তাকে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, নিজস্ব একটি মাছের ঘেরের দেখাশোনার কাজ করতেন জয় ঢালী এবং তিনি এলাকার একটি বিশেষ বাহিনীর সদস্যও ছিলেন। কয়েকদিন আগে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল, এরপর থেকেই তাকে টার্গেট করা হচ্ছিল বলে জানা যায়।

রূপসা আইচগাতি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল জানান, খবর পেয়ে রাতেই শহিদের মোড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “নিহত যুবক ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি গোষ্ঠীর সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে রূপসা থানায় মারামারিসহ সাতটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে অন্তর্দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা। হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।”