গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে রুহুল আমিন (৩৮) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার (১৪ আগষ্ট) দিবাগত রাত ২টার দিকে বরমী ইউনিয়নের কুমারভিটায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে ওই বাড়ির পাশের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, তার স্ত্রী, শ্বশুর ও শ্যালকসহ স্বজনেরা মিলে রুহুল আমিনকে মারধর করে হত্যা করেন। এ সময় তার ১৬ বছর বয়সী মেয়ে রিমি পুরো ঘটনা প্রত্যক্ষ করলেও ভয়ে প্রতিবাদ করতে পারেনি বলে জানা গেছে। আরেক শিশুকন্যা আফরিন বাবার চিৎকার শুনে ঘুম ভেঙে উঠে তাকে বাঁচানোর চেষ্টা করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, তবে তাতেও মারধর থামেনি বলে অভিযোগ পরিবারের।
নিহত রুহুল আমিন একই ইউনিয়নের কায়েতপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ নিহতের স্ত্রী হালিমা খাতুন (৩৫), শ্বশুর রফিক (৫৫), শ্যালক শাহজাহান (২৭), চাচা শ্বশুর তাজউদ্দীন (৫০) এবং তার কন্যা রিমি।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শিশুকন্যার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।



