ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নেওয়া দুই অ্যাথলেটের সব পদক বাতিল করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয়েছে, নারী হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাত বেগম ও কবিতা রায় জৈবিকভাবে পুরুষ।
জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে দুটি নতুন জাতীয় রেকর্ডসহ ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন জান্নাত বেগম। অন্যদিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার রিলে ইভেন্টে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জেতেন কবিতা রায়। শনিবার অনুষ্ঠিত ফেডারেশনের সভায় তাদের এখন পর্যন্ত অর্জিত সব পদক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেডারেশন জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলা জান্নাত বেগম এবং বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলা কবিতা রায়ের বিরুদ্ধে তাদের নিজ নিজ সংস্থা থেকে লিঙ্গ নির্ধারণ নিয়ে অভিযোগ ওঠার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার অনুরোধ জানানো হয়। এর ভিত্তিতে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারীরিক পরীক্ষা শুরু করে।
গত ১১ মে পরীক্ষা প্রক্রিয়া শেষ হয় এবং ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের কাছে হস্তান্তর করে মেডিকেল বোর্ড। ২৮ বছর বয়সী জান্নাত বেগম ও ১৯ বছর বয়সী কবিতা রায়ের হরমোন ও শারীরিক পরীক্ষায় নিশ্চিত হয়, তারা পুরুষ।
চিকিৎসাশাস্ত্র ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নিয়ম অনুযায়ী পুরুষ বিবেচিত হওয়ায় ফেডারেশন তাদের নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে তাদের জেতা প্রতিটি ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকারীদের স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



