ঢাকার ডেমরার সারুলিয়ায় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করার তথ্য দিয়েছেন ঘটনাস্থলে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) এক কর্মকর্তা।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে ওই এলাকায় অভিযানে গিয়ে পশ্চিম নিঝুমবাগ তালেব আলী মসজিদের সামনে কালো টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে গিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ইতিমধ্যে একটি নিস্ক্রিয় করা হয়েছে।
এ ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায়, মসজিদের সামনে পুলিশ সদস্যদের দেখে সেখানে অনেক মানুষের ভিড় করে থাকতে দেখা যায়।
রবিবার রাত ৯টার দিকে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বিকাল ৫টায় খবর পাই। এরপর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট একজন আটক আছেন। আমাদের ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে।
ঘটনাস্থলে থাকা সিটিটিসির এক কর্মকর্তা জানান, কিছু দিন আগে যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে দুটি বোমা সাদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট গিয়ে একটি নিস্ক্রিয় করেছে। অপরটি নিস্ক্রিয় করার কাজ চলছে।