যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে এক ছাত্রদল নেতাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি এম এম কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত সচিবের অপসারণসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ভুক্তভোগী জাহিদ হাসান সেজান এমএম কলেজের ইতিহাস বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদল শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
শিক্ষার্থীর অভিযোগ, রবিবার সকালে সার্টিফিকেটে বাবা-মায়ের নাম সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের কক্ষে যান জাহিদ হাসান সেজান। এসময় তার গলায় হেডফোন দেখে সচিব তাকে গালাগাল করেন এবং একপর্যায়ে মুখে চার বার থাপ্পড় মারেন। তার দাবি গুরুতর কোনো অপরাধ হয়ে থাকলে পুলিশে দিতে পারতেন। এ ঘটনার জন্য তিনি সচিবের পদত্যাগ দাবি করেন।
এদিকে, এ ঘটনায় সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ঠুনকো বিষয়কে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ক্ষোভ প্রকাশ এবং দ্রুত শিক্ষা বোর্ডের সচিবের অপসারণ দাবি করেন। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান।
তবে লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করেছেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন। তিনি বলেন, “ঘটনার সময় জেলা বিএনপির সভাপতিসহ ওই শিক্ষার্থীর দুই শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষক হিসেবে পিঠ চাপড়ে নৈতিকতা শেখাতে চেয়েছিলাম। এটাকে ট্যাগিং করা কাম্য নয়।”