পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা বললেন অর্থমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের জন্য চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বাস্তবায়নের পেছনের আনুষঙ্গিক বিষয়সমূহ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কৌশল কী হবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হওয়ার পরই বিস্তারিত জানানো হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পে-কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে অনেকগুলো দিক রয়েছে। বৈঠকে সব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে এবং পরবর্তীতে আবার বৈঠক আহ্বান করা হবে। তবে এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল চালু করা সম্ভব হবে।

একই অনুষ্ঠানে সরকারের ১৮০ দিনের (ছয় মাস) কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার ছয় মাসে সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে, তবে জনপ্রত্যাশা অনুযায়ী শতভাগ অর্জন পেতে আরেকটু সময় প্রয়োজন।

জ্বালানি নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট দূর করতে আন্তর্জাতিক ও দেশীয় ব্যাপক বিনোয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপন এবং মহেশখালীতে নতুন এফএসআরইউ স্থাপনের জন্য ভূ-জরিপ চলছে। এছাড়া জিটুজি ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও জানান, বিগত সরকারের আমদানিনির্ভর নীতি থেকে বেরিয়ে এসে দেশের অভ্যন্তরে বাপেক্স সহ দেশীয় উদ্যোগে গ্যাস অনুসন্ধান জোরদার করা হয়েছে, যাতে আগামী কয়েক বছরের মধ্যে নিজস্ব সম্পদে চাহিদার জোগান দেওয়া সম্ভব হয়। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়িত হয়েছে।

জাতিসংঘের একটি সম্ভাব্য প্রতিবেদন সম্পর্কিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনও প্রতিবেদনটি পড়ে দেখেননি। অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ওপর ভিত্তি করে সরকার পদক্ষেপ নিতে পারে না, তাই এটি আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন না করে বক্তব্য দেওয়া সমীচীন হবে না।