চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল খাদে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার পরিদর্শক আনিসুর রহমান।
নিহতরা হলেন - শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (২০)।
স্থানীয়রা জানান, কালভার্ট নির্মাণকাজ চলায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা তাদের।
পরিদর্শক আনিসুর রহমান বলেন, “কানসাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবু হায়াত ও হাবিব। পথে কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।”