ফেনীর ছাগলনাইয়ায় আর্থিক সহায়তার কথা বলে এক প্রতিবন্ধী নারীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বররা সালিশ বসিয়ে অভিযুক্তদের জরিমানাও করেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের সাকিব (১৮), ইয়াছিন (১৬) ও আরমান (১৫)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে আর্থিক সহযোগিতার প্রলোভন দেখিয়ে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে টমটমচালক সাকিব, আরমান ও ইয়াছিন একটি নির্জন স্থানে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ঘটনাটি জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় কয়েকজন মাতব্বর সালিশ বৈঠক বসিয়ে অভিযুক্তদের সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলম জানান, সালিশের মাধ্যমে এমন গুরুতর অপরাধ নিষ্পত্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি এতে অংশ নেননি। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, “গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সালিশের নামে বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।”