ইমাম-ওলামাদের আপত্তিতে অ্যাশেজের কনসার্ট বাতিল

কিশোরগঞ্জে জনপ্রিয় ব্যান্ড 'অ্যাশেজ'-এর কনসার্ট বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট স্থগিতের খবর জানায় অ্যাশেজ ব্যান্ড। 

ব্যান্ডটির ব্যবস্থাপক আলিফ হোসেন জানান, পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিন সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট ও র‌্যাফেল ড্র ।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন  জানান, কনসার্ট ও র‌্যাফেল ড্র আয়োজনের জন্য জেলা শহরের 'আলিশান' রেস্তোরাঁর পক্ষ থেকে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। তবে যাচাই-বাছাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধন নেই। অনিবন্ধিত প্রতিষ্ঠানের আবেদন বাতিল করে দ্রুত নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ সন্ধ্যার অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

যদিও গত ১৭ আগস্ট কনসার্টটি বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন ইমাম উলামা পরিষদ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি আহমাদুল্লাহ। স্মারকলিপিতে কনসার্টকে 'শরীয়ত বিরোধী' উল্লেখ করা হয়। বুধবার আসরের নামাজের পর জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলেরও ডাক দেওয়া হয়।

কনসার্ট বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে মাওলানা আহমাদুল্লাহ জানান, আমাদের আবেদনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ কনসার্টের অনুমতি বাতিল করা হয়।