ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদ্য স্থাপিত একটি এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে ফারুক (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে পুরোনো এক চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ক্যামেরাটি চুরির চেষ্টাকালে তাকে আটক করা হয়। বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেন হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান। আটক ফারুক দাউদকান্দির মালিখিল এলাকার বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের রায়পুর এলাকায় একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করেন ফারুক। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ৯৯৯ এ খবর দেন। পরে হাইওয়ে পুলিশ তাকে আটক করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ এআই ক্যামেরা চুরি সংক্রান্ত সরাসরি অভিযোগ না দেওয়ায় ফারুকের বিরুদ্ধে থাকা একটি পুরোনো চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, মহাসড়কে স্থাপিত ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে। তিনি এসব ক্যামেরাকে দেশের সম্পদ আখ্যা দিয়ে বলেন, "এগুলো মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে, তাই এর সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।"