Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে অবসরপ্রাপ্ত এএসপি’র বাড়িতে ডাকাতি: অস্ত্রসহ গ্রেপ্তার ৫ 

রহিমের বিরুদ্ধে চুরি, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিন উল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি এলজি, চার রাউন্ড কার্তুজ, দুটি বড় ছোরা ও একটি ট্রাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।  

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার মো. রহিম, বরুড়া উপজেলার মো. জামাল ওরফে কুদ্দুস, দাউদকান্দি উপজেলার মো. সাইফুল ইসলাম ওরফে সজিব, লাকসাম উপজেলার মো. আনোয়ার হোসেন মিলন এবং একই উপজেলার মো. হানিফ। তাদের মধ্যে আনোয়ার হোসেন মিলন ও হানিফ চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে। 
 
এসপি জানান, গত ১০ অক্টোবর মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুরের শেখের তালুক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের ১৫ থেকে ১৬ জন সদস্য বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাড়ির মালিক মো. মতিন উল্লাহকে মারধর করে তার হাত-পা ও মুখ বেঁধে রাখা হয়। তার স্ত্রী ও মেয়েকেও ভয়ভীতি দেখিয়ে আটকে রাখেন ডাকাতেরা। 

পরে ডাকাত দলের সদস্যরা বাড়ির বিভিন্ন কক্ষের আলমারি, ওয়ারড্রোব ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর, ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর), কম্পিউটারের সিপিইউসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান। এসব মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৪০ হাজার ১৫০ টাকা। 

পরে, ভুক্তভোগীরা প্রতিবেশীদের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ডাকাতদলের পাঁচ সদস্যের মধ্যে- রহিমের বিরুদ্ধে চুরি, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। জামাল ওরফে কুদ্দুসের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে চারটি এবং সাইফুল ইসলাম ওরফে সজিবের বিরুদ্ধে ডাকাতির দুটি মামলা রয়েছে। হানিফের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার একটি মামলা রয়েছে। 

   

About

Popular Links

x