ফেনীতে দিনের বেলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ডাকাতি

ফেনীর মহিপালে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, জরুরি কাগজপত্র ও ব্যাংকের চেকবই নিয়ে গেছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মহিপাল মুসলিম জামে মসজিদের দক্ষিণ পাশে রেহান ম্যানশনের দোতলা বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনকারী ফেনী মডেল থানার সাব-ইন্সপেক্টর ওলি আহাদ জানান, দুর্বৃত্তরা গৃহবধূর মুখ ও হাত-পা বেঁধে বাথরুমে আটকে রাখে। পরে বাসা থেকে স্বর্ণ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে কয়েকজন দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে গৃহবধূকে জিম্মি করে। পরে বাসার বিভিন্ন কক্ষ তল্লাশি করে স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যাংকের চেকবই নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী শাহেনা আক্তার প্রবাসী নুরের জামানের স্ত্রী। নুরের জামান সৌদি আরব থেকে বিমানে বুধবার দেশে ফিরছেন। তিনি ফেনীতে পৌঁছানোর পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ বাসার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতির ঘটনায় লুণ্ঠিত সব মালামালের সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি। ভুক্তভোগী এজাহার দায়ের করলে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সকাল বেলায় বাসায় ঢুকে গৃহবধূকে জিম্মি করে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।