দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯২৫ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮২৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে।
এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২ শিশু। এর মধ্যে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪ জন। আর পরীক্ষাগারে ৬৮ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭১৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মোট ১ লাখ ২৮ হাজার ২৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন ছাড়পত্র পেয়েছে।