বিএনপি ছাড়াও যারা মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন যারা

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপি জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৩৪৩টি প্রদত্ত ভোটের মধ্যে ২৫৫টি পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ফল অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নিজস্ব সংসদ সদস্যদের ভোটের চেয়ে ১১টি ভোট বেশি পেয়েছেন।

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২০৮ জন এবং সংরক্ষিত নারী আসনের ৩৬ জন তাকে ভোট দিয়েছেন। এতে দলটির নিজস্ব ভোট দাঁড়ায় ২৪৪টি।

এর বাইরে জোটসঙ্গীদের তিনটি, স্বতন্ত্র সংসদ সদস্যদের সাতটি এবং ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যের একটি ভোট পেয়েছেন মির্জা ফখরুল। সব মিলিয়ে তার ভোট দাঁড়ায় ২৫৫টিতে। অন্যদিকে অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।